বিধিনিষেধে লেনদেন চলবে পুঁজিবাজারে

করোনারভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে চলাচলে বিধিনিষেধে পুঁজিবাজারে লেনদেন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা২৪ ডট কম এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

গত বছরের এপ্রিলে লকডাউন ও জুলাইয়ে শাটডাউনের মধ্যে ব্যাংকের সময়সীমার সঙ্গে সমন্বয় করে যেভাবে লেনদেন চলেছিল, সেভাবেই এবারও লেনদেন চলবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘সংক্রমণ যতই বাড়ুক পুঁজিবাজারের লেনদেন বন্ধ হবে না, যদি ব্যাংকের লেনদেন চালু থাকে।’

লকডাউন ও শাটডাউনের সময় লেনদেন চালু থাকার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত বছরে আমরা লেনদেন চালু রেখেছিলাম। এবারও ব্যাংক যেভাবে চলবে পুঁজিবাজার সেভাবেই চলবে। লেনদেন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণের পর সাধারণ ছুটি ঘোষণা করা হলে ৬৬ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। তবে চালু থাকে ব্যাংক।

২০২১ সালের ৫ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণা আসার পর বিএসইসি জানায়, ব্যাংক চললে পুঁজিবাজারও চলবে। তবে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে দেরি করার পর লকাউনের আগে দুই কর্মদিবস বড় দরপতন হয়। পরে বাংলাদেশ ব্যাংক যখন জানায়, সীমিত পরিসরে ব্যাংক চলবে, বিএসইসিও তখন সময় কমিয়ে লেনদেন চালানোর সিদ্ধান্ত নেয়।

শুরুতে সে সময় ব্যাংক চালু থাকে আড়াই ঘণ্টা, পুঁজিবাজার চালু থাকে ‍দুই ঘণ্টা। পরে কিছুদিন পর ব্যাংকে লেনদেনের সময় বাড়ে, সময় বাড়ে পুঁজিবাজারেও।

এই অভিজ্ঞতার মধ্যেও ১ জুলাই থেকে শাটডাউন ঘোষণার পর আবার লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পুঁজিবাজারে দরপতন হতে থাকে। সে সময় বাংলাদেশ ব্যাংক শুরুতে ব্যাংক বন্ধ থাকবে বলে আদেশও জারি করে। কিন্তু কিছুক্ষণ পরেই সে আদেশ প্রত্যাহার করা হয়। ফলে বিএসইসি পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে-এমন সিদ্ধান্তও কিছুক্ষণের মধ্যেই পাল্টায়।