করোনার সময় রপ্তানি আয় ২০ বিলিয়ন মার্কিন ডলার- বাণিজ্য সচিব

‘করোনা ভাইরাসের প্রকোপের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের কারণে উৎপাদনমুখী কাজ অব্যাহত থেকেছে। এতে করে সেই সময় থেকে এখন পর্যন্ত ২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে আমাদের’

৩০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দিন প্রধান অতিথি হিসেবে আইসিএমএবি’র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান এবং নবীন সিএমএ ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনায় এসব কথা বলেন। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

 

ড. মোঃ জাফর উদ্দিন বলেন, ‘করোনার কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়িনি। কাজের ক্ষেত্রে সব সময়ে মনে রাখতে হবে যে ঐ কাজের ফলাফল নিয়ে আসা জরুরী। সেই সাথে ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। কাজেই পেশাগত উন্নয়নের সাথে দেশ জাতি ও রাষ্ট্রের সার্বিক প্রয়োজনেই যথার্থ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়।’ নবীন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি ইনস্টিটিউট এবং সিএমএ পেশার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন। 

 

এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বলেন, সিএমএ পেশাদারগণ তাদের পেশাগত ভূমিকার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতে স্বচ্ছতা আনয়ন করতে পারবেন। জুন ২০২০ সিএমএ সমাপনী পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৫৩ জন শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।

 

আইসিএমএবি প্রেসিডেন্ট  মোঃ জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজের জন্য সদ্য উত্তীর্ণ সিএমএ-দের আহবান করেন। তাদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সাফল্যের পেছনে তাদের পরিবারের অনেক অবদান রয়েছে। আজকের সাফল্যের মাধ্যমে তাদের নতুন দায়িত্ব শুরু। পেশা এবং ইনস্টিটিউটের প্রতি দায়বদ্ধতা রেখে তার যথাযথ উন্নয়নের জন্য তিনি তাদের উদ্বুদ্ধ করেন।

 

 অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক এফসিএমএ ও  মোঃ মামুনুর রশীদ এফসিএমএ এবং ট্রেজারার  মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ।