বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) নির্ধারণে নিলাম (বিডিং) আগামীকাল (২২ ফেব্রয়ারি) বিকেল ৫টায় শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এর আগে ১৫-১৮ ফেব্রুযারি পর্যন্ত বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে বিডিংয়ের তারিখ পরিবর্তন করে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম কমিশন সভায় বারাকা পতেঙ্গা পাওয়ারকে বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।
আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা মূলধন উত্তোলন করে তারা সাবসিডিয়ারি কোম্পানি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগের পাশাপাশি আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে।
পাবলিক ইস্যু রুল ২০১৫ এর সি এর (১) এর (২) আইন অনুযায়ী বিডিংয়ে অংশ নিতে যোগ্য বিনিয়োগকারীদের বাজারমূল্যে নূন্যতম বিনিয়োগের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি।
তবে ৭ ও ১১ ফেব্রুয়ারি যেসব প্রতিষ্ঠানের নূন্যতম বিনিয়োগ রয়েছে এমন সব প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গার বিডিংয়ে অংশ নিতে পারবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।