স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার চলতি মৌসুমের শুরুটা ছিল একদম যাচ্ছেতাই। শিরোপা পুনরুদ্ধারের মিশনে খেলতে নেমে পয়েন্ট টেবিলের ১০ নম্বরেও নেমে গিয়েছিল তারা। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্লাবটি, উঠে গেছে তালিকার ২ নম্বর স্থানে।
রোববার রাতে ঘরের মাঠে অ্যাথলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিল জমিয়ে তুলেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে টপকে এখন লিগের দ্বিতীয় দল তারা। শীর্ষে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো ক্লাব।
চলতি বছরে গত ২৬ দিনের মধ্যে তৃতীয়বার বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আগের দুই ম্যাচে একটি করে জিতেছিল দুই দল। ফলে ম্যাচটি মোটেও সহজ ছিল না বার্সেলোনার জন্য। তবে নেতিবাচক ফল আসতে দেননি মেসি, গ্রিজম্যান, উমতিতিরা। যার সুবাদে ঘরের মাঠে টানা দশম জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।