প্রথমদিনের মতো দ্বিতীয় দিন সকালটাও ইতিবাচক ব্যাটিংয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুই অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ও জশুয়া ডা সিলভার ব্যাটে ওভারপ্রতি প্রায় ৪ রান করে তুলছিল তারা। মেহেদি হাসান মিরাজের হাত ধরে প্রথম ঘণ্টায় এ জুটি ভাঙলেও, এখন গলায় কাঁটা হয়ে উঠেছে জশুয়া ডা সিলভা ও আলঝারি জোসেফের সপ্তম উইকেট জুটি।
বোনার সাজঘরে ফেরার পর দ্রুত রান তোলার দিকে পূর্ণ মনোযোগ দেন জোসেফ। তার আগ্রাসী ব্যাটেই মূলত প্রথম সেশনে একশর বেশি রান তুলে নিয়েছে ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান। আজকের প্রথম সেশনে খেলা ২৯ ওভারে ১ উইকেট হারিয়ে তারা করেছে ১০২ রান।
আগেরদিন করা ৫ উইকেটে ২২৩ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। কুয়াশাচ্ছন্ন সকালে আজ শুরু থেকেই চেপে ধরবে বাংলাদেশ- এমনটাই ছিল সকলের প্রত্যাশা। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামদের আলগা বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দিনের শুরু থেকেই সহজ রান পেয়েছেন এনক্রুমাহ বোনার ও জশুয়া ডা সিলভা।
দিনের প্রথম বলটিই পায়ে করেন রাহি। রানের সহজ সুযোগ হাতছাড়া করেননি হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকাবোনার, অনসাইডে ঠেলেই নিয়ে নেন তিনটি রান, স্ট্রাইক পান জশুয়া। এক বল পর রাহির ভেতরে ঢোকা বল আঘাত হানে জশুয়ার প্যাডে। আম্পায়ার সৈকত আউট দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও সফল হয়নি। ঠিক পরের বলেই পয়েন্টে দুর্দান্ত বাউন্ডারি হাঁকান জশুয়া।