দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে করোনাভাইরাসের উপসর্গ থাকা পোষা কুকুর ও বিড়ালের পরীক্ষা করা হবে।
সিওল সরকার মঙ্গলবার বিষয়টি জানায় বলে বিবিসি।
পোষা প্রাণীদের মধ্যে জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলেই কেবল করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল পজিটিভ এলে আক্রান্ত প্রাণীকে ঘরে কোয়ারেন্টিনে রাখতে হবে বলেও জানায় সিওল সরকার।
সিওলের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা পার্ক ইয়ু-মি বার্তা সংস্থা ইয়নহাপকে জানান, করোনায় আক্রান্ত পোষা প্রাণীকে আইসোলেশন সেন্টারে পাঠানোর কোনো প্রয়োজন নেই। কারণ, পোষা প্রাণী মানুষের মধ্যে করোনা ছড়াতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে পোষা প্রাণীটির মালিক যদি হাসপাতালে ভর্তি হন বা খুব অসুস্থ থাকেন বা এত বয়স্ক যে তার পোষা প্রাণীর খেয়াল রাখতে পারছেন না, সে ক্ষেত্রে শহর পরিচালিত কেন্দ্রে প্রাণীটিকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে।
নিজেদের পোষা প্রাণীকে মানুষ ও অন্য পোষা প্রাণী থেকে কমপক্ষে দুই মিটার দূরে রাখার কথা শহরের বাসিন্দাদের স্মরণ করিয়ে দেন পার্ক।