দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সব সময় জড়িত থাকে: ওবায়দুল কাদের

ইসরায়েল ও সে দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইসরায়েল ও এর গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে। বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সব সময় জড়িত থাকে। 

ওবায়দুল কাদের আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধীদলের নেতাদের ফোন হ্যাক করার কাল্পনিক বক্তব্য দিয়েছেন। একজন রাজনৈতিক নেতার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অত্যন্ত লজ্জাকর।'