‘বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বিএনপি উসকানি দিলেও আমরা দেব না।’
ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘বিএনপি জনসভাকে উপলক্ষ করে তাদের সব সন্ত্রাসী এবং খুন আর মাদক মামলার আসামিদের জড়ো করছে। তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো, লাশ ফেলা। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না।’
ওবায়দুল কাদের বলেন, ‘তারা আজ যতই উসকানি দিক, আমরা সরকারি দল থেকে কোনো উসকানি দেব না। আমরা যা বলছি রাজনৈতিকভাবে বলছি। আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চাই। আর তারা যদি তাদের ১৩/১৪ সালের মতো সহিংসতার অবস্থানে আসে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাদেরকে সমুচিত জবাব দেব।’