অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি মাসেই দেশে আসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত করোনা ভ্যাকসিন। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে ছয় মাসে এই ভ্যাকসিনের তিন কোটি বা তার বেশি পরিমাণ ডোজ ক্রয় করা হবে।
চলতি মাসের ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসবে। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন নিবন্ধন, ভ্যাকসিন কার্ড, সম্মতিপত্র, ভ্যাকসিন সনদ প্রদানে আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর সুরক্ষা ওয়েবসাইট প্রস্তুত করছে। ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রদানের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে দেশের পুলিশ বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা ভ্যাকসিন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের টিকা বিতরণ কর্মসূচি কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।
প্রথম ধাপে দেশের মোট জনসংখ্যার আট দশমিক ৬৮ শতাংশ অর্থাৎ এক কোটি ৫০ লাখ জনগোষ্ঠীকে তালিকাভুক্ত জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়।