প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনো আইন পাস হয় নাই। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমচীন হবে।’
আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে মঙ্গলবার। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।