বিএনপির আন্দোলনের রূপরেখা মানেই ষড়যন্ত্রের রূপরেখা: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনের রূপরেখাকে ষড়যন্ত্রের রূপরেখা বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের। তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় কাদের এসব কথা বলেন।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করছে বিএনপি। দলটি দেশের বিভিন্ন প্রান্তে সভা, সমাবেশসহ নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।

এমন বাস্তবতায় দলের যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈশ্বিক সংকটের মধ্যে দেশের বাজেট সহযোগিতার জন্য বিদেশ থেকে বিশাল অর্থ সহায়তা আনার সফরকে কটাক্ষ করায় বিএনপির সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে। ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল অবৈধ দলের অবৈধ মহাসচিব। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে প্রার্থী হয়েছে বিএনপির নেতা-কর্মীরা।’