বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রতিবেদক কাজী ফরিদকে হত্যার হুমকি ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, সাংবাদিকদের হত্যা হুমকি শুভ লক্ষণ নয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান।
বাংলাদেশে ন্যাপ নেতারা বলেন, দুই সাংবাদিকের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারিতে তাদের পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রও উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বাড়ছে। সরকার ও প্রশাসনের নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বললেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। দেশ যতই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ততোই হত্যা হুমকি ও ঝুঁকি বাড়ছে।
বিবৃতিতে তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম সব সময়ই রাষ্ট্র ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এজন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন।
তারা সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।