যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধিকে যুবলীগ নেতার মারধর

সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে সজীব গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে বিকেলে গ্রেপ্তার হন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওরফে সজীব।

৩৫ বছর বয়সী সজীব ছাড়াও অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়।

জিল্লুর রহমান সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর ভাষ্য, সংবাদ সংগ্রহের সময় বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনের সড়কে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।