অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে যে যার অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা (বিজেএফডি) আয়োজিত পিঠা উৎসবে তারা এ প্রত্যয় জানান। বিজেএফডি সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। পিঠা উৎসবটি সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন- সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, সৈয়দ আবদাল আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, গোলাম সামদানী, হাসান জাবেদ, শামীমা দোলা, সাজিদা ইসলাম পারুল, আমান উল্লাহ আমান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দীন। বক্তারা সবক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন।