নো কম্প্রোমাইজ: প্রধান বিচারপতি

দুর্নীতিকে ক্যানসার উল্লেখ করে সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ।

তিনি বলেন, ‘আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।’

রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে এমন কথা বলেন।

এ সময় তিনি মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন দেন রাষ্ট্রপতি।

পরের দিন শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের এই বিচারক।

তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।