ফিলিস্তিনে করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে ইসরায়েল

ইসরায়েল বলেছে, ফিলিস্তিনের সামনের সারির স্বাস্থ্যকর্মীদের জন্য তারা করোনাভাইরাস ভ্যাকসিনের পাঁচ হাজার ডোজ পাঠাচ্ছে দেশটিতে। খবর বিবিসির।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দেশ ইসরায়েল। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় এখন পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়নি।

সম্প্রতি জাতিসংঘের কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনে ভ্যাকসিন দেয়ার জন্য ইসরায়েলের একটি দায়িত্ব রয়েছে।

ইসরায়েল জানিয়েছে, চুক্তির আওতায় ফিলিস্তিনে ভ্যাকসিন দেয়ার কথা ছিল না এবং ফিলিস্তিনিদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার কোনো অনুরোধও তারা পায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের কার্যালয় রোববার নিশ্চিত করেছে, দেশটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন পাঠাবে। এ বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।