মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার মাত্র ৯ দিন বাকি থাকতেও ওই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
যদি অভিশংসনের এই প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার অভিশংসনের মুখোমুখি হওয়া একমাত্র প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে অভিশংসন বিল পাস হওয়ার পর একে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে; যদিও রিপাবলিকানদের অনেকেও ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করেছেন।