অনুব জৈনের ঢাকা কনসার্টের টিকিট শেষ

ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈনের ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুব জৈনের গাওয়ার কথা রয়েছে। কনসার্টে তিনি ছাড়াও বাংলাদেশের তাহসান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।


এডভেন্টর কমিউনিকেশনসের ব্যবস্থাপক (করপোরেট সেলস) মাহিন রহমান আজ বুধবার প্রথম আলোকে জানান, আজ টিকিট বিক্রি শেষ হয়েছে, এখন আর টিকিট কেনার সুযোগ নেই।

তিন ধরনের টিকিটের মূল্য ছিল সাড়ে ৪ হাজার, ৩ হাজার ও ১ হাজার ৮০০ টাকা। এর আগে মাহিন রহমান বলেন, ‘অনুব জৈনের সঙ্গে আমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলছিল। কনসার্টটি নিয়ে তিনি অনেক এক্সাইটেড। ’


কনসার্টে অংশ নিতে ১ জুন সকালে ঢাকায় আসবেন অনুব জৈন। রাতে গান পরিবেশন করে ঢাকায় থাকবেন। পরদিন সকালের ফ্লাইটে ভারতের ফিরে যাবেন।


অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন, ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’-এর মতো আলোচিত গান উপহার দিয়েছেন তিনি। তিনি তরুণ শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব নিজের লেখা গান পরিবেশন করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করতেন।


সংগীতজীবনে জোজি ও টেইলর সুইটকে অনুসরণ করেন অনুব।

 

#মিষ্টি দাস প্রিয়া