মধ্য আফ্রিকায় ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহংয়ে শুক্রবার ওই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।

জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোর পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস ব্যবহারের তীব্র নিন্দা জানায় এমআইএনইউএসসিএ। আহত দুই বাংলাদেশি সৈন্যকে হেলিকপ্টারে করে বোয়ার শহরে এমআইএনইউএসসিএ-পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।