মাথায় পরেছিলেন ‘সুপারস্টার’-এর মুকুট। রাতারাতি হয়ে উঠেছিলেন উপস্থাপনা, মডেলিং আর নাটকের দুনিয়ার তারকা। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমান অভিনেত্রী ও মডেল রাখি মাহবুবা। সে সময় অনেকেই ভেবেছিলেন, হয়তো হারিয়ে গেলেন একজন তারকা। কিন্তু তা হয়নি। নির্দিষ্ট বিরতি শেষে ঠিকই রাখি ফিরে এসেছেন, তবে এবার অন্য দ্যুতিতে আলো ছড়িয়ে।
অভিনেত্রী ও মডেল—২০১০ সালে লাক্স তারকা হওয়ার পর রাখি মাহবুবার নামের সঙ্গে এই দুই পরিচয় যুক্ত হয়। কিন্তু এখন বোধ হয় প্রকৌশলী পরিচয়টাই তিনি আগে রাখবেন। প্রকৌশলী হওয়ার স্বপ্নপূরণের জন্যই রাখি যশ, খ্যাতি, জনপ্রিয়তার মায়া কাটিয়ে ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। সেটা ২০১৩ সালের কথা। ‘সুপারস্টার’-এর মুকুট জেতার দুই বছরের মধ্যে অভিনয় ও উপস্থাপনায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন। তখন ও লেভেল শেষে এ লেভেলে পড়ছিলেন। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততা ছিল তুঙ্গে। এরপরও রাখি একটু একটু করে পড়াশোনা ঠিকই চালিয়ে গেছেন। কারণ, ছেলেবেলা থেকে পরিবার ও বন্ধুমহলে ‘পড়ুয়া’ হিসেবে আলাদা নামডাক ছিল তাঁর। গণিত ছিল তাঁর পছন্দের বিষয়, এর প্রমাণ রাখির গ্রেড শিটই বলে দেয়। এ লেভেলে রাখি কোর ম্যাথমেটিকসের সি-ওয়ান, সি-টু, সি-থ্রিতে পুরো ১০০-তে ১০০ নম্বরই পেয়েছিলেন!