বেশিরভাগ শিক্ষার্থীই টিকার আওতায় আসায় এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, কিংবা কীভাবে কার্যক্রম পরিচালনা করা হবে তা নিয়ে রোববার রাতে করোনা নিয়ন্ত্রণে গঠিত সরকারের পরামর্শক কমিটির সঙ্গে সভা করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘গতকালের আলোচনায় যেটি এসেছে, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিলাম তখন আমাদের সংক্রমণের হার ছিল ৭ বা তার কাছাকাছি। এখনও সে পর্যায়ে রয়েছে।
‘তবে যখন খুলেছিলাম তার থেকে এখন ভালো অবস্থানে আছি এই অর্থে যে, তখন কোনো ভ্যাকসিন ছিল না। এখন আমাদের শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন টিকার আওতায় চলে এসেছে, এ মাসের মধ্যে আশা করছি সবাই টিকার আওতায় চলে আসবে। অন্তত এক ডোজ টিকা সবার হয়ে যাবে। এ পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করব না।’
তবে টিকা কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।