নতুন বছরে ক্লাস রুটিন

নতুন বছরে স্কুলে কোন রুটিনে ক্লাস হবে, তা ঠিক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা বৃহস্পতিবার রাতের অফিস আদেশে নতুন বছরের রুটিনের বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে। এ ছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন তিন বিষয়ের ক্লাস নেয়া হবে।

আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেয়া হবে।

নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও বলা হয়।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু রাখবে।

চলতি শিক্ষাবর্ষে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়। তখন ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার চারটি ক্লাস নেয়া হয়। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদেরও সপ্তাহে চার দিন ক্লাস নেয়া হয়।

এর বাইরে ষষ্ঠ শ্রেণির সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেয়া হয়।