রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্যে “Study on policy support and incentives before and after LDC graduation for RMG sector” শীর্ষক গবেষণা কার্যক্রমটি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)- পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ৭ মে, ২০২৩ তারিখে বিএফটিআই এর সম্মেলন কক্ষে উক্ত গবেষণার উপর একটি ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. মোঃ জাফর উদ্দীন-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সভায় তিনি বলেন, “এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে। তাই আমাদের গ্রাজুয়েশন পরবর্তী সময়ে তৈরি পোশাক রপ্তানির ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে।”
সভার সভাপতি ড. মোঃ জাফর উদ্দীন বলেন, “তৈরি পোশাক শিল্পের রপ্তানি সক্ষমতা অব্যাহত রাখার জন্যে এলডিসি গ্রাজুয়েশনের পূর্বে প্রদত্ত প্রণোদনা ও ভর্তুকির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ.এম. আহসান, ভাইস-চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো। বিএফটিআই এর পরিচালক মো. ওবায়দুল আজম সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।