চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারায় কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক নির্মাণ কাজের ভৌত অগ্রগতি হয়েছে ৬১ শতাংশ। আর্থিক অগ্রগতি হয়েছে ৫৪ দশমিক ৩৭ শতাংশ।
সম্প্রতি কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প এলাকা ঘুরে এসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, কাজের এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের (২০২২ সালের ডিসেম্বর) মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যায়। প্রকল্প বাস্তবায়ন কাজের গতি অব্যাহত রাখার জন্য প্রকল্প কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
প্রকল্পটি বাংলাদেশ ও চীন সরকারের (জি টু জি) যৌথ অর্থায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িতে হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। এরমধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ৪ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ এবং চীন সরকারের ঋণ ৫ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা।