আধা ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলে

আগামী ৮ জুলাই থেকে নতুন এই সূচি কার্যকর হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ফেসবুক পোস্টে বুধবার তথ্য দিয়েছে।

এতে বলা হয়, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত সোয়া ৮টা এবং রাত সাড়ে ৮টায় আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে বলে জানানো হয় এতে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এখন চলাচল করছে মেট্রোরেল। গত ৩১ মে থাকে এই সময়সূচি কর্যকর হয়।